নজর২৪, ঢাকা- গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামা ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রস্তুতি নিতে হবে, রাজপথে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটবে। যে আন্দোলনে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। যে আন্দোলনের মাধ্যমে দেশে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে পারব। যে আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করতে পারব।’
শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রা শেষে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন গয়েশ্বর। কেরাণীগঞ্জের জিনজিরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়। কালীগঞ্জ গুদারাঘাটে গিয়ে তা শেষ হয়।
গয়েশ্বর বলেন, ‘দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তখনকার ছাত্র-যুবক, তরুণরা ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছিল, তেমনি আজকের তরুণ সমাজকেও বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণ তার ভোটাধিকার ও আইনের শাসন ফিরে পাবে।’
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশনেত্রী ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই শিশু সন্তান, বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত আরফাত রহমান কোকোসহ বন্দি ছিলেন। যে নেত্রী দীর্ঘ নয় বছর আপোসহীনভাবে রাজপথে গণতান্ত্রিক আন্দোলেনের নেতৃত্ব দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন। পরে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করেছেন। সেই নেত্রী আজ কেমন আছেন, সবাই জানেন!
কেন তিনি চিকিৎসা পাবেন না? রাজনীতি থেকে সরিয়ে দিতে তাঁকে মিথ্যা ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়, এখন তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাঁর আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই। তাঁকে বাঁচাতে হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশনেত্রীকে বিদেশ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকারের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না।’
