শাহজাদপুরে ফসলি জমিতে চালু হচ্ছে নতুন ইটভাটা, কৃষিতে বিরুপ প্রভাবের শঙ্কা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: অনিয়মই যেনো নিয়ম হয়ে দাড়িয়েছে অনেক স্থানে, এরই একটি জলন্ত উদাহরণ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে। কোন ধরণের অনুমতির তোয়াক্কা না করেই কৃষি জমির মাঝখানে চালুর অপেক্ষায় রয়েছে আর.জি.এন নামের একটি ইটভাটা।

 

জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামের চালার পাড়ায় প্রশাসনের কোন ধরণের অনুমতি না নিয়ে ও অবহিত না করেই সবুজে ঘেড়া কৃষি জমির মাঝখানে ও বসতির মধ্যে নির্মাণ করা হয়েছে একটি ইটভাটা।

 

এখানেই শেষ নয়, ভাটা সংশ্লিষ্ট উত্তরপাশের একটি কৃষি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বিশালাকার গর্তের সৃষ্টি করে মাটি কেটে ভাটায় নেওয়া হচ্ছে। যেভাবে গর্ত করে মাটি কাটা হচ্ছে তাতে কিছুদিনের মধ্যে আশপাশের কৃষি জমিও সেই গর্তে ভেঙ্গে পরবে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটভাটাটি এখন আগুন দেওয়ার অপেক্ষায় রয়েছে।শ্রমিকরা কাঁচা ইট ভাটার ভেতরে সাঁজাতে ব্যাস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন বনায়ন উজার করে জ্বালানী হিসেবে গাছ ও গাছের ডালপালা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে।

 

নাম প্রকাশ না করার সর্ত্বে গ্রামবাসীরা জানায়, এই ইটভাটা চালু হলে আমাদের বাড়িঘরে বসবাস করা অসম্ভব হয়ে পরবে। এই ভাটার কারণে আমাদের জমির বিভিন্ন ফসল উৎপাদন হ্রাস পাবে, এবং একটি সময় আসবে ভাটার মালিক যেকোন ভাবে আমাদের জমিও খালে পরিণত করে দিবে।

 

তারা আরো বলেন, এই ভাটার মালিক হয়তো অনেক প্রভাবশালী তাই প্রশাসন এই ভাটার বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। তারা উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম ও সহকারি কমিশনার ভুমি লিয়াকত সালমানের উদ্দেশ্যে মিনতি করে ব্যাবস্থা গ্রহণের দাবি জানান।

 

আর.জি.এন. ইটভাটার সত্ত্বাধিকারী মনিরুজ্জামান সাংবাদিকদের দেখেই সড়ে পড়ার চেষ্টা করেন। পরে তার কাছে ইটভাটার নাম জিজ্ঞাসা করলে তিনি নাম বলতে অস্বীকৃতি জানান এবং এই প্রতিনিধিকে চলে যাওয়ার নির্দেশ দেন। পরে তার কাছে ইটভাটার অনুমোদনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এসব ছোট ছোট কাজে অনুমোদন নেওয়ার কি আছে। প্রশাসনের সামনে কিছু টাকা ফেলে দিলেই সবকিছু বৈধ হয়ে যায়।

 

এই বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, এভাবে কোন ইটভাটা চালু করার নিয়ম নেই। এই বিষয়ে দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *