রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সময় স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ারের দুটি মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ এপ্রিল) ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় এ চুরির ঘটনা ঘটে।
এদিকে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে মানিব্যাগ ও মোবাইলে হাতে নিতে দেখা গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, বিফ্রিংয়ের শেষের দিকে সাদা পাঞ্জাবি পরা একজন ব্যক্তি ম্যানেজারের বাম পাশ থেকে ডান পাশে যান। ওই পাশেই রাখা ছিল স্টেশন ব্যবস্থাপকের মোবাইল ও মানিব্যাগ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর স্টেশন ম্যানেজার মোবাইল খুঁজতে গিয়ে দেখেন সেটি নেই। পরে সম্মেলন কক্ষে উপস্থিত একাধিক ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও পর্যালোচনা করে থেকে দেখা যায়, স্টেশন ম্যানেজার চেয়ার থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওই পাঞ্জাবি পরা ব্যক্তি দুটি মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে তাকে আর স্টেশন চত্বরে খুঁজে পাওয়া যায়নি।
ম্যানেজার মাসুদ জানান, সাংবাদিকদের সাক্ষাৎকার শেষে ফোন খোয়ানোর ব্যাপারটি বোঝা গেলেও চোর বেরিয়ে যায়।
তিনি বলেন, মানিব্যাগে ৪৫ হাজারের মতো টাকা এবং মূল্যবান কিছু ডকুমেন্ট ছিল। চুরির ঘটনায় কমলাপুর স্টেশন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এই ঘটনায় কি প্রমাণিত হয় স্টেশনে সব সময় চোরদের আনাগোনা রয়েছে— এমন প্রশ্নের জবাবে মাসুদ বলেন, তা তো কিছুটা প্রমাণিত হয়। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
