তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে ভূঞাপুরে আন্তর্জাতিক ও জাতীয় দিবসের প্রোগ্রামে জনসচেতনতা করতে কোন উদ্যোগ নেয় না স্থানীয় প্রশাসন। ফলে দায়সারা সরকারি দিবসগুলো পালন করা হয়। দিবসের দিনে শুধু একটি ব্যানার হাতে উপজেলা পরিষদের সামনে অথবা পরিষদ চত্ত্বরে দাড়িয়ে কর্মকর্তা-কর্মচারী ছবি তুলে দিবসের কর্মসূচী পালন করে। যদিও ব্যানারে র্যালী ও আলোচনাসভা করার কথা উল্লেখ থাকে।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করতে একটি বেসরকারি সংস্থার মতবিনিময় সভায় যোগদান করা অতিথিরা নিয়ে উপজেলা পরিষদের সামনে দাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান। তবে সরকারি এই প্রোগ্রামে অন্যকোন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন না।
এদিকে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) ও সুজন-সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সহিংসমুক্ত নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তবে আয়োজিত এই সভার ব্যানারের উপর আন্তর্জাতিক অভিবাসন দিবসের ব্যানার টাঙিয়ে সেখানে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান। তবে সেখানে আগে থেকে বসা অতিথিরা অভিবাসন দিবসের প্রোগ্রামের বিষয়ে কিছুই জানে না।
আগত অতিথিরা জানান, পিএফজির মতবিনিময় সভায় যোগদান করতে এসে নতুন প্রোগ্রামের যুক্ত হয়েছি। এতে কিছুটা বিব্রত হতে হয়েছে। দায়সারা সরকারি এমন প্রোগ্রাম করে কোন সুফল পাওয়া যাবে না। অভিবাসন দিবস সম্পর্কে সবাইকে জানানোর পাশাপাশি এর বিষয়ে জনসচেতনতা দরকার। কিন্তু প্রশাসনের এমন দায় সারা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হতবাক।
পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মেদ, লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী, ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান, ইবরাহীম খা সরকারি কলেজের সাবেক অধ্যাপক শংকর দাস, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, উপজেলা সুজনের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
আন্তর্জাতিক অভিবাসন দিবসের আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, অন্য একটি প্রোগ্রামের মাধ্যমে এই আলোচনাসভায় এতো মানুষের উপস্থিতি পেয়েছি। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আসলে অভিবাসন দিবসের বিষয়ে কাউকে জানানো হয়নি।
