বিপদে এগিয়ে এলেন পরীমণি, কৃতজ্ঞতা প্রকাশ চয়নিকার

বিনোদন ডেস্ক- গত নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যাওয়ার আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

 

গত সপ্তাহে মাহি ফিরেছেন। গতকাল শুক্রবার থেকে শুটিংও শুরু হয়েছে ওয়েব ফিল্মটির। কিন্তু এরই মধ্যে বদলে গেছে অনেক কিছু। শুটিং শুরুর দুই দিন আগে মাহি জানিয়ে দিয়েছিলেন, ছবিতে অভিনয় করতে পারবেন না তিনি।

 

মাহির এমন হঠাৎ সিদ্ধান্তে বিপাকেই পড়েছিলেন নির্মাতা। শেষ মুহূর্তে মাহির বিকল্প খুঁজে পাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু নির্মাতা চয়নিকা চৌধুরীকে এ যাত্রায় উদ্ধার করলেন পরীমণি। মাহির বদলে ছবিতে যুক্ত হলেন পরীমণি। গতকাল থেকে শুটিং শুরু করেছেন পরী।

 

ছবিতে মূল চরিত্রে আছেন পরীমণি। পর্দায় তাঁর নায়ক ইমন। গতকাল দুজনই উপস্থিত ছিলেন ছবির শুটিংয়ে। এতে ইমন-পরী ছাড়াও অভিনয় করছেন ডি এ তায়েব।

 

জানা গেছে, ছবিতে পরী অভিনয় করছেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পরী। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর।

 

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাকে বাঁচিয়ে দিয়েছে পরীমনি। অনেক বিপদে পড়েছিলাম। হাসপাতাল থেকে এসে আমার শুটিংয়ে অংশ নিয়েছে। অনেক অনেক কৃতজ্ঞতা পরীমনির প্রতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *