শাহজাদপুরে নদী খননের বালু ফেলে কৃষি জমি ধ্বংসের অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের আবাদি জমির উপর বালু ফেলে কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদী ক্ষতি ও নকশার বাইরে মালিকানা জমি কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৮ মার্চ) বেলা ২টায় উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়নের নারুয়া ক্লাবে এই গ্রামবাসীর আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও আমিরুল ইসলাম লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় কৃষক ও গ্রামবাসীদের বিভিন্ন অভিযোগ শোনেন যুবলীগের সপ্তম সংগ্রেসের আহ্বায়ক, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ২ বারের সাবেক সাংসদ, বর্তমান সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা’র ছোট ভাই ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রয়াত ড. মযহারুল ইসলামের ছেলে জনাব চয়ন ইসলাম।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মোঃ লতিফ, মোঃ সরোয়ার হোসেন, বাবলু মন্ডল, জাহান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মহসীন মন্ডল, হাজী বরাত আলী ও হাসান আলী প্রমুখ। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বালু খেকোরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাবসার লক্ষ্য নিয়ে সরকারী জমির পাশাপাশি মালিকানা জমিও কেটে ধ্বংস করছে।

আর এই সকল অবৈধ বালু ব্যাবসায়ীরা সহজ সরল কৃষকদের জিম্মি করে তাদের পরিবারের চালিকাশক্তি ও প্রধান অবলম্বন তাদের কৃষি জমিতে ফেলছে। এতে করে সেই সকল জমিতে দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদন ব্যহত হবে। সাময়িক সময়ের জন্য অনেকের জমি ভাড়া নিয়ে অনৈতিক ও জোরপূর্বক দীর্ঘমেয়াদী বালুর ব্যাবসা পরিচালনা করছে।

প্রত্যেক বক্তাই সমস্যা সমাধানে ও ক্ষতিপূরণের বিষয়ে প্রধান অতিথি চয়ন ইসলামের হস্তক্ষেপ কামনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম বলেন, নদী খনন প্রক্রিয়ায় অনিয়ম মেনে নেয়া হবে না। নদীর ২ পাশেই সরকারি নির্দিষ্ট কিছু জমি রয়েছে সেই জমি গুলোতে নদী খনন সীমাবদ্ধ রাখতে হবে। এবং যারা কৃষি জমি ধ্বংস করছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের ক্ষতি ও দাবির বিষয়গুলো নিয়ে আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার সাথে আলোচনা করবো। আশা করছি এমপি মহোদয় আপনাদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করবেন। সভা শেষে কৃষি জমির উপরে ফেলে রাখার বালুর স্থান পরিদর্শন করেন জনাব চয়ন ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *