বরগুনা: বরগুনা সদর মাছ বাজারে প্রতি কেজি ইলিশ মাত্র ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলার সব বাজারে চাহিদা অনুযায়ী মাছ থাকলেও ক্রেতা সঙ্কটে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে জেলার বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতা যৌথভাবে মাছের ডালা সাজিয়ে ইলিশ বিক্রি করছে।
রাতে ক্রেতা কম থাকার কারণে ইলিশ বিক্রি করা হচ্ছে ২৬০ টাকায়। এতে প্রত্যেক কেজিতে ৬টি মাছ পাওয়া যায়। আর ৩০০ টাকা কেজির ইলিশে ৫টি মাছ পাওয়া যায়।
এছাড়া ১ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি দরে। যা অন্য সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০০ টাকা কম। ছোট ইলিশ দামে কিনে খুচরা বাজারে কম দামে বিক্রি করায় মাছের গুণগত মান নিয়ে শঙ্কায় আছেন ক্রেতারা।
বরগুনা পৌর মাছ বাজারের খুচরা ইলিশ বিক্রেতা হারুন অর রশিদ জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ থাকার কারণে দাম কিছুটা কম। গত সপ্তাহের তুলনায় ছোট ইলিশের দাম কম। তবে বড় ইলিশের দাম একই রয়েছে।
তিনি বলেন, আমি স্থানীয় পাইকারি বাজার থেকে ১৭০ থেকে ১৮০ গ্রাম ওজনের ছোট ২০ কেজি ইলিশ ৩০০ টাকা কেজি দরে কিনে এখন ২৬০ টাকায় খুচরা বিক্রি করছি। ক্রেতা কম থাকায় অন্য ব্যবসায়ীদের সঙ্গে তাল মিলিয়ে মাছ বিক্রি করতে গিয়ে কেজি প্রতি আমার ৪০ টাকা লোকসান গুণতে হয়েছে। ২৬০ টাকার এক কেজিতে ৫/৬ টি ইলিশ পাওয়া যায়।
বরগুনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, বাজারে মাছের গুণগতমান পরীক্ষা করার জন্য আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছি। বিষয়টি আমরা শুনেছি, তদন্ত করে দেখব মাছের গুণগতমান কেমন। প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা নেব বিক্রেতাদের বিরুদ্ধে।
বরগুনার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্রের পরিচালক বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট এম লুৎফর রহমান বলন, গত মাসের শেষ দিকে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ জালে ধরা পড়ছে তাই দাম কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় ইলিশের দাম কম আছে।
