রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থাকবে কালও

সকাল থেকেই দেশের আকাশজুড়ে মেঘ ছিলো। বিকেলে তা আরও ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে নামতে শুরু করে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আর অসময়ের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সরেজমিনে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে বাস ও অন্যান্য যানবাহনের গতি ছিলো কম। কোথাও পানি জমে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিকেলের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যা সন্ধ্যার পরও চলমান থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিময় আবহাওয়া আজ ও কাল (সোমবার) পর্যন্ত থাকতে পারে। এসময় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘আজ ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা দিয়েছে। এর প্রভাবে ২ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে আসবে। আজ ও আগামীকাল কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল সন্ধ্যায় পশ্চিমা লঘুচাপের প্রভাব কমে এলে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে।’

তিনি বলেন, ‘বৃষ্টির কারণে শীতের তীব্রতার বাড়বে। তবে যেহেতু ফেব্রুয়ারি মাস শেষের পথে সেই কারণে অনেক বেশি শীত আসবে না। এছাড়া কুয়াশা ও শৈত্যপ্রবাহের দেখা আর মিলবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *