নজর২৪, ঢাকা- মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, ‘র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে তুলে ধরেছি। তাকে জানিয়েছি, তাদের এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ভালোমতো নেয়নি। কিন্তু আমি তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরাসরি বলিনি, তিনিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিজয়ের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়েছেন। ফোন কলটা হয়েছিল আলোচনার জন্য। আমরা এটি নিয়ে আরও বিস্তারিত কথা বলব।’
র্যাব প্রসঙ্গে মোমেন বলেন, ‘সন্ত্রাস দমনে র্যাব অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইস্যু মাদক পাচার বন্ধে র্যাব সাহায্য করছে। র্যাব দুর্নীতিপরায়ণ নয়। টাকা-পয়সা দিয়ে র্যাবের অবস্থা পরিবর্তন করা যায় না। ফলে তারা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে।’
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মোমেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের এত বড় সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে কথাবার্তা না বলে নেয়া ঠিক হয়নি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আমাদের সঙ্গে অনেক ডায়ালগ আছে। সেখানে আমরা কথা বলব।’
