‘অতিরিক্ত গাঁজা খেয়ে’ সন্তানকে গলাটিপে ও স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যা করে আলআমিন

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরে শেফালী বেগম (২৪) ও তার ছয়মাস বয়সী মেয়ের রুমানা হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ।

 

পারিবারিক কলহের জের ধরে গলাটিপে প্রথমে নিজ সন্তান ও পরে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করেন আল আমিন (২৮)।

 

২৫ মার্চ বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আল আমিন।

 

২৬ মার্চ শুক্রবার দুপুর ১২টায় জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকরপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে শেফালী বেগম ও তার ছয়মাস বয়সী মেয়ে রুমানার লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় শেফালী বেগমের বাবা ওসমান মন্ডল বাদী হয়ে পরের দিন সারিয়াকান্দি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের স্বার্থে ২১ মার্চ শেফালীর স্বামী আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল আমিন চরাঞ্চলে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার অভাবের সংসার ছিল। টাকা-পয়সার জন্য প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকত। আট বছর আগে তিনি প্রেম করে শেফালী বেগমকে বিয়ে করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যাকান্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা সম্পূর্ণরূপে অস্বীকার করেন। পরে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়।

 

রিমান্ডে আল আমিনকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হত্যাকান্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের উদ্ধারকৃত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এক পর্যায়ে তিনি হত্যাকান্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার করেন।

 

জবানবন্দিতে তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি রাতে আল আমিন প্রথমে তার ছয়মাস বয়সী কন্যা সন্তান রোমানাকে গলা টিপে হত্যা করেন। এরপর স্ত্রী শেফালী বেগমের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। হত্যাকান্ডের পরদিন তিনি নিজেই অন্যান্য আত্মীয়-স্বজনের সঙ্গে ভুট্টাক্ষেতে লাশ খুঁজতে যান এবং এ সম্পর্কে কিছুই জানেন না এমন অভিনয় করতে থাকেন।

 

আল আমিন আরও জানান, তিনি নিয়মিত গাঁজা সেবন করতেন এবং হত্যাকান্ডের দিন একটু বেশি গাঁজা সেবন করেছিলেন।

 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আল আমিন আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *