ফৌজদারি মামলায় সরকারি চাকরিজীবীদের গ্রেপ্তারের জন্য পূর্বানুমতি চাওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত বলেছেন, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি।
আদালতে রিট পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও সঞ্জয় মন্ডল। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
গত বছরের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
রুলে ওই আইনের ৪১ (১) ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং কেন তা বাতিল করা হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ব্যাখ্যা করতে বলা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের স্পিকার এবং দুর্নীতি দমন কমিশনকে রুলের বিবাদী করা হয়।
গতকাল বুধবার (২৪ আগস্ট) এ রুলের শুনানি চলাকালে আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টকে বলেন, সংবিধান অনুযায়ী আইনের চোখে সব নাগরিক সমান। কিন্তু সরকারি চাকরি আইনের ওই ধারাটি বৈষম্যমূলক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
