যানজট নিয়ে সংসদে ক্ষোভ, কাজ না থাকলে গ্রামে থাকার পরামর্শ

গত কয়েক দিন রাজধানীজুড়ে অসহনীয় যানজটের ভোগান্তিতে নগরবাসী। একই সঙ্গে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ এবং শব্দ দূষণও। বিষয়টি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

তিনি বলেছেন, ‘প্রতিদিন মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে একদিকে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ঢাকা শহর অকার্যকর শহরে পরিণত হবে।’

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পীর ফজলুর রহমান।

সংসদে কাজ না থাকলে গ্রামেই থাকেন—এমন পরামর্শ দিয়ে জাপার এই সংসদ সদস্য বলেন, ‘ঢাকা এখন শব্দ দূষণে এক নম্বরে, বায়ু দূষণেও এগিয়ে। ঢাকায় যারা বসবাস করেন, যানজটের কারণে তারা সকাল বের হলে দুপুরে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন কি না, তার নিশ্চয়তা নেই।’

এমপি পীর ফজলুর রহমান বলেন, ‘উন্নয়নকাজে কোনো সমন্বয় নেই। এক সংস্থা রাস্তা তৈরি করে আবার কিছুদিনের মধ্যে অন্য সংস্থা রাস্তা কাটে। কোন বাস কোথায় থামবে, তার কোনো ঠিক নেই। রাস্তা বন্ধ করে রেখে তারা যাত্রী তোলে।’ যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দাবি জানান তিনি।

পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে সংরক্ষিত আসনের এমপি লুৎফুন নেসা খান বলেন, ‘নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা খুবই জরুরি।’ তিনি জেলা পর্যায়ে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির ব্যবস্থা করার দাবি জানান। আসন্ন পবিত্র রমজানে যাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা না হয় এবং খাদ্যে রাসায়নিক ব্যবহার করা না হয় সেদিকে নজর দেওয়ার দাবি জানান তিনি।

পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘ওয়ারি স্কুলটি বন্ধ হয়ে গেছে। এটি নির্মাণাধীন ছিল। বঙ্গভবনের কাছে এই অজুহাতে বলা হচ্ছে, বঙ্গভবনের অনুমোদন ছাড়া নকশা পাস করা যাবে না। অথচ এর অবস্থান বঙ্গভবন থেকে এক হাজার গজ দূরে। আশপাশের সব ভবন ১২ তলা।’

ফিরোজ রশীদ বলেন, ‘কাউকে খুশি করা বা রাজউক থেকে প্ল্যান পাস করানোর মতো টাকা স্কুলের নেই। রাজউকের কাছে গেলে এত ঘাট দেখায়, এগুলো পেরিয়ে প্ল্যান আনা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘এখন আল্লাহর কাছে ফাইল পাঠাতে হবে, কিন্তু এটা তো সম্ভব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *