নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনেই জিতবে: রুমিন ফারহানা

বিএনপি দলীয় সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ৩০০ আসনেই জয়লাভ করবে বিএনপি। বাংলাদেশে এ যাবত যা কিছু ভালো হয়েছে তা বিএনপিই করেছে।’

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘১৯৭১ সালে যখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার কেউ ছিল না, তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনিই ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। আজ বিএনপি ভালো নেই, দেশও ভালো নেই।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে দলীয় এবং বিরোধীমত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা করা হয়েছে সময়মতো এর প্রত্যেকটির জবাব নেওয়া হবে। গুম-খুনের সঙ্গে অভিযুক্ত সরকারি এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় হবে।’

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।

সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তিনি বলেন, বিগত সময়ে তাদের আমলে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীর নামে হাজারো মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই সরকারকে ভোট চোর বললে ভূল হবে, এই সরকার হলো ভোট ডাকাতের সরকার। এ সরকার ডাকাতের সরকারে পরিণত হয়েছে।

তিনি বলেন, যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরীবদের নিয়ে কি উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়। রোল মডেলের দেশে এ কিসের আলামত? শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে সাত হাজার নেতার্কীর নামে প্রায় পাঁচ শ’ রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার। জনগণের ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষে বিএনপি কখনই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *