নজর২৪ ডেস্ক- পৌষ শেষ হতে না হতেই আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। সোমবারের (১৭ জানুয়ারি) মধ্যে এটি রংপুর বিভাগের অন্যান্য জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগে ছড়িয়ে পড়বে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের কুড়িগ্রাম, পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কাল-পরশু পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
উত্তরে শৈত্য প্রবাহ শুরু হলেও, প্রভাব মধ্যাঞ্চলেও পড়তে শুরু করেছে। আবহাওয়া অফিসের প্রতিদিনের আভাস পর্যালোচনা করে দেখা গেছে, একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে রাজধানীতেও বেড়েছর শীতের অনুভূতি। একই অবস্থা ঢাকার আশেপাশের জেলাগুলোতেও।
আবহাওয়া অধিদফতর রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এতে সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।
মঙ্গলবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
