নজর২৪, ঢাকা- বিতর্কিত মন্তব্য করে তুমুল সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একইসঙ্গে তিনি বলেছেন- পাপ বাপকেও ছাড়ে না।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আইনজীবী বলেন, ‘একটু আগে খবর পেলাম যে প্রধানমন্ত্রী উনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
ব্যারিস্টার সুমন বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান কয়েকদিন ধরে টানা নারীদেরকে নিয়ে অশ্লীল কথা বলে যাচ্ছিলেন। উনার ভাইরাল হওয়া ভিডিও একটি সত্য হলেও কোনো পদে থাকার অধিকার তার নেই। খবর পেলাম একটু আগে তথ্য প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এর মাধ্যমে প্রমাণ হল ‘পাপ বাপকেও ছাড়ে না।’
তিনি বেলন, ‘শুধু মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেই হবে না। উনি জামালপুরের যেখান থেকে এমপি হয়েছেন, এই চরিত্র নিয়ে তার এমপি পদে থাকার ন্যূনতম যোগ্যতা নেই। দ্রুত তার এমপি পদ থেকে পদত্যাগ করা উচিত। কারণ উনার কাছে কোনো মা বোন নিরাপদ নয়।
ব্যারিস্টার সুমন বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাই জরুরি ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার অশ্লীল ভিডিওগুলো অপসারণ করেন। অপসারণ না করলে অল্প বয়সের ছেলেমেয়েরা এই ধরনের গালাগালি এবং অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তাই প্রতিমন্ত্রীর অশ্লীল অডিও-ভিডিও দ্রুত সরাতে হবে।
উল্লেখ্য, দুই দিন আগে একটি অনলাইন টকশোয় এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেন।
এ নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ফেসবুকে তার একটি টেলিফোনালাপ ভাইরাল হয়েছে। সেখানে শোনা যায়, তিনি নায়ক ইমনকে ফোন করে নায়িকা মাহিয়া মাহিকে তার কাছে যেতে বলেন। এই কথোপকথনে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।
এরমধ্যে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মন্ত্রীসভা থেকে মঙ্গলবারের মধ্যে সরে যেতে হবে মুরাদকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশ তাকে জানিয়ে দেয়া হয়েছে।
