নজর২৪ ডেস্ক- যে কোনো সময় সরকার পতনের ডাক আসতে পারে বলে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তারা মনে করেন, আন্দোলন ছাড়া তাদের দাবি অর্জন করা সম্ভব নয়।
মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জমায়েতে এই পরামর্শ দেন দলের নেতারা। একাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে অংশ নিলেও আগামী নির্বাচনে আর সেটি হবে না বলে জানিয়ে দেন তিনি।
দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে ইসলাম অবমাননার অভিযোগ তুলে সারা দেশে বিভিন্ন মণ্ডপ, মন্দির, বাড়িঘরে হামলার প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে এই জমায়েত করা হয়।
তবে এর কোনো পূর্ব ঘোষণা ছিল না। হঠাৎ করেই দলের নেতা-কর্মীরা জড়ো হয়ে যায়। শুরুতে পুলিশেরও কোনো প্রস্তুতি ছিল না।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘আমরা এ সরকারের অধীনে নির্বাচন যাব না। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করে নির্বাচনের বাধ্য করব।
‘এ সরকার ক্ষমতায় থাকলে নেত্রীকে মুক্ত করা যাবে না, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না। তাই এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।’
আন্দোলনের ডাক হঠাৎ করেই আসবে বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, “সময় সুযোগ পাবেন না, আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে, আজকের মত সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের দাবি, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা এখন যাবি’৷”
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আন্দোলন, অন্য কোনো পথ নেই। সেজন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।’
তিনি বলেন, ‘এরশাদের সময়ও মন্দিরে হামলা হয়েছে। কিন্তু এরশাদের পতন কেউ ঠেকাতে পারে নাই। আজকে মন্দিরে হামলা করে ক্ষমতা টিকানো যাবে না। এই জুলুমবাজ, স্বৈরাচারী, দুর্নীতিবাজ ও তাবেদারি সরকারকে বিদায় নিতেই হবে।’
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা খুব পরিস্কার করে বলতে চাই, এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তারা কোনো সমস্যারই সমাধান করতে পারেনি। তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, মানুষের অধিকার ব্যাহত করে জনমানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
