সরকারের নতুন সিদ্ধান্ত, খোলা সয়াবিন আর মিলবে না বাজারে!

নজর২৪ ডেস্ক- বাজারে আর খোলা সয়াবিন তেল পাওয়া যাবে না। বিক্রি করবে না বিক্রেতারা। কারণ দেশে ভোজ্যতেলের উৎপাদক কোম্পানিগুলোই আর খোলা সয়াবিন সরবরাহ করবে না।

 

বর্তমানে বোতলজাত কিংবা খোলা দুইভাবেই সয়াবিন তেল বাজারজাত হচ্ছে। তবে সরকারের নতুন সিদ্ধান্ত, বোতলজাত সয়াবিনের বাইরে বাকি খোলা সয়াবিন বাজারজাত করতে হবে পলি প্যাক মোড়কে।

 

এ প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উৎপাদক প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকতে হবে।

 

এতে বাজার তদারককারি প্রতিষ্ঠান অভিযানে গেলে পণ্যের ওজন, মান, দাম এবং সরবরাহকারি প্রতিষ্ঠানকেও সহজে চিহ্নিত করে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।

 

দেশে এখন যে পরিমাণ সয়াবিন তেল বাজারজাত হচ্ছে, তার ৬৫ শতাংশই বিক্রি হচ্ছে খোলা আকারে। যা মিলগেইট থেকে ড্রামে ড্রামে পরিবেশকের মাধ্যমে সরবরাহ হয় সারা দেশে। বাকি ৩৫ শতাংশ তেল বোতলজাত মোড়কে বিক্রি হয়ে থাকে।

 

খোলা সয়াবিন তেল খুচরা বাজারে প্যাকেটজাত করে বিক্রি নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে শিল্প সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে সয়াবিন তেলের যথাযথ মান রক্ষা, সয়াবিন তেলের সঙ্গে পাম তেল মেশানোর প্রবণতা পরিহার, লিটার না কেজি – এ ধরনের বিভ্রান্তি দূর করতে খোলা সয়াবিন বাজারজাত করার পরিবর্তে প্যাকেটজাত মোড়কে সরবরাহ নিশ্চিত করতে বলা হয়।

 

এদিকে চিঠি পাওয়ার পর পর দুই দিনের মাথায় গত রোববার শিল্প মন্ত্রণালয় তেল উৎপাদক প্রতিষ্ঠান, পরিবেশক ও পাইকারি বিক্রেতা, বিএসটিটিআই, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে জরুরি বৈঠক করেছে।

 

বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে শিল্প মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, দেশে আর কোনো খোলা তেল বিক্রি হবে না। সয়াবিন তো বটেই, পাম তেলও বিক্রি হবে পলিপ্যাক মোড়কে। তবে প্রাথমিকভাবে সারা দেশে এটা বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে।

 

এ জন্য ভোজ্যতেলের বড় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে খোলা সয়াবিন তেল বাজারজাত করা থেকে সরে আসার তাগিদ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ছোট প্রতিষ্ঠানগুলোকেও বাধ্য করা হবে।

 

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোকে প্রথম টার্গেট করা হবে। ধীরে ধীরে এটা সারা দেশে এবং সব কোম্পানির ক্ষেত্রে নিশ্চিত করা হবে। এরপর না মানার প্রবণতা দেখা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

 

বর্তমানে খোলা সয়াবিন আর পাম অয়েলের মধ্যে খুচরা বিক্রয়মূল্যের ব্যবধান ১৩ টাকা।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অনুবিভাগ) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘প্রাথমিক উদ্যোগটি ছিল শিল্প মন্ত্রণালয়ের। তারা অনেক আগেই চেয়েছিল খোলা তেল বাজারজাত বন্ধ করতে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারক মন্ত্রণালয় হিসেবে করোনা পরিস্থিতি, ব্যবসায়ীদের অনুরোধ এবং দেশে ভোক্তার সক্ষমতাসহ নানাদিক বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়কে পদক্ষেপটি বাস্তবায়নে আরও কিছু দিন সময় নেয়ার জন্য বলা হয়েছিল।

 

‘এরপর একটা লম্বা সময় পার হয়েছে। সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উল্লম্ফন ঘটেছে। এই সময়ে দেশে সয়াবিন ও পাম অয়েলের দামে একটা উল্লেখযোগ্য তফাৎ সৃষ্টি হয়েছে। ফলে সয়াবিনের সঙ্গে পাম তেলের সংমিশ্রণ প্রবণতা বেড়ে গেছে। এ ছাড়া বিক্রয় পর্যায়ে কেজি-লিটারের পার্থক্যসহ খোলা তেলের স্বাস্থ্যমান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

‘এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়ে শিল্প মন্ত্রণালয়কে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে অনুরোধ করেছে। এখন কবে নাগাদ তা বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত নেবে শিল্প মন্ত্রণালয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *