কঠোর লকডাউনে আ. লীগ প্রার্থীর জনসভা, যোগ দিলেন কেন্দ্রীয় নেতারা

নজর২৪ ডেস্ক- বিশাল সমাবেশ চলছে। খোলামাঠে জড়ো হয়েছেন হাজারখানেক লোক। গাদাগাদি করে আছেন সবাই। মিছিল নিয়ে আসছেন আরও অনেকে। মঞ্চেও নেতাদের উপচে পড়া ভিড়। মঞ্চ ও মঞ্চের সামনে সমবেত হওয়া বেশির ভাগের মুখেই মাস্ক নেই।

 

এই দৃশ্য রোববার (২৫ জুলাই) বিকেলের। করোনা সংক্রমণ ঠেকাতে দেশে যখন কঠোর বিধিনিষেধ চলছে তখন সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় মাঠে চলছে এই জনসভা।

 

লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলে মামলা-জরিমানাও করা হচ্ছে। ২৩ জুলাই থেকে ঘোষিত এই লকডাউন সবচেয়ে কঠোর হবে বলেও ঘোষণা দিয়ে রেখেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

 

এমন ‘কঠোর’ লকডাউনের মধ্যে বালাগঞ্জের এই সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

২৮ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন। এতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তার সমর্থনেই এই নির্বাচনি জনসভা। এমনকি লকডাউনের নির্দেশনা ভেঙে ঢাকা থেকে এসে এই জনসভায় অংশ নেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা।

 

বিধিনিষেধের কারণে ঈদে বাড়িতে যাওয়া মানুষ যখন কর্মস্থলে ফিরতে দুর্ভোগ পোহাচ্ছেন, তখন ঢাকা থেকে সিলেটে এসে জনসভা করছেন নেতারা। হাবিবের সমর্থনে ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক; প্রধান বক্তা দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। জনসভায় অংশ নিতে রোববার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে সিলেট আসেন তারা।

 

রোববার হাবিবের সমর্থনে বালাগঞ্জের সমাবেশে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।

 

তিনি বলেন, ‘সমাবেশে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেছি। নিজেরা মাস্ক পরেছি। সমাবেশে আসা মানুষজনের মধ্যে মাস্ক বিতরণ করেছি। হ্যান্ড স্যানিটাইজারও ছিল। তবে অনেক লোকের সমাগম হওয়ায় পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হয়নি।’

 

লকডাউনের মধ্যে এমন সমাবেশের আয়োজন প্রসঙ্গে বলেন, ‘নির্বাচনের সময় তো প্রার্থীরা প্রচার চালাবেনই। তা ছাড়া নির্বাচনের কারণে এই এলাকায় বিধিনিষেধ কিছুটা শিথিলও করা হয়েছে।’

 

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক বলেন, নির্বাচনি বিধিবিধান ও সরকারি বিধিনিষেধ লঙ্ঘিত হচ্ছে কি না, তা দেখভাল করার জন্য নির্বাচনি এলাকায় বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কোনো অনিয়ম পেলে তারা ব্যবস্থা নেবেন। তবে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’

 

সাধারণ মানুষ রাস্তায় বের হলে যেখানে জরিমানা করা হচ্ছে, সেখানে কীভাবে বিশাল জনসভা করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল ইসলাম বলেন, ‘তারা উঠান বৈঠকের আয়োজন করেছিল। এটাকে সমাবেশ করে ফেলেছে। এ ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।

 

‘নির্বাচনের কারণে আমাদেরও কিছু বিষয় এড়িয়ে যেতে হচ্ছে। লকডাউনের বিধিনিষেধ পালনে কঠোর হতে পারছি না। তারপরে সমাবেশস্থলে আমাদের একাধিক মোবাইল টিম ছিল। যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উৎসাহিত করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *