নজর২৪, ঢাকা- বাঁচি মরি এই টিকা শরীরে প্রবেশ করাব না, সরকার টিকা দিয়ে বিএনপিকে মেরে ফেলতে চায়, এই রকম বক্তব্য দেয়া বিএনপি নেতা রুহুল কবির রিজভীও নিয়েছেন করোনাভাইরাস প্রতিরোধী টিকা।
সোমবার দুপুর পৌনে ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে তিনি টিকা নেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
ডা. রফিকুল ইসলাম জানান, তিনি মডার্নার টিকা নিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে যখন সরকার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এনে প্রয়োগ শুরু করে, তার বহু আগে থেকে রিজভী দাবি করেছিলেন, এই টিকা নিয়ে মানুষ মারা যাবে।
পরে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা টিকা নেয়ার পর ১৫ মার্চে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনি টিকা নেবেন কি না? আমি বলেছি, ন্যায়সংগতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না। আমি আমার কথা রেখেছি।’
টিকা নেয়ার পর রিজভীকে তার পুরোনো কথা মনে করিয়ে দিলে তিনি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেব না। সেই কথা রেখেছি। আমি ভারতে উৎপাদিত টিকা নিইনি। নিয়েছি আমেরিকার তৈরি মডার্নার টিকা।’
গত ১৬ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হন বিএনপি নেতা রিজভী আহমেদ। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
