নজর২৪, ঢাকা- প্রস্তাবিত বাজেটে ২ লাখ ১৪ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ করা কোনও কঠিন কাজ নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো।’
শুক্রবার (৪ জুন) বিকালে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো। টাকা আনলে তা আমরা ঠিক সময়ে পরিশোধ করি বলেও সুনাম রয়েছে। আর সর্বোপরি এটি ভবিষ্যতের বিষয়। ভবিষ্যৎই বলে দেবে কীভাবে এই ঘাটতি পূরণ হবে।’
এম এ মান্নান বলেন, বাজেট ঘাটতির বিষয় নতুন কিছু নয়। উন্নয়নশীল দেশ হিসেবে বাজেটে ঘাটতি হবেই। বাজেটে ঘাটতির বিষয়টি ভবিষ্যতের ব্যাপার। সঠিক পরিকল্পনায় বাজেট ঘাটতি সমাধান করা হবে। তারপরও কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে। আমি বলব গত কয়েক বছরে আমাদের সরকারের কার্যক্রম লক্ষ্য করলেই বোঝা যায় আমাদের সক্ষমতা আছে।
তিনি বলেন, গত কয়েক বছরে আমরা সফলতার সঙ্গে বাজেট দিয়েছি এবং বাধা-বিপত্তি মোকাবিলা করেছি। আমাদের এমন কোনো ভয়ের বিষয় নেই যে, আমরা বাজেট দিয়ে বাস্তবায়ন করতে পারব না। আত্মবিশ্বাস নিয়ে বাজেট দিয়েছি।
বাজেটে ঘাটতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমরা উন্নয়নশীল দেশ, বাজেটে ঘাটতি হবেই। আমরা সবাই একটা অনুমানের জগতে আছি। গত ১০ বছরের বাজেটে ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখেছি। অর্থের কোনো সমস্যা হবে না। কভিডের মধ্যেও মাথাপিছু আয় ও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো করছি।
