নজর২৪ ডেস্ক- পরিচয়পত্র দেখতে চাওয়ার জের ধরে এক নারী চিকিৎসক পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। রোববার (১৮ এপ্রিল) ওই নারীর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। এতে ওই চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন।
নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা ওই নারী পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার। দাঁড়া, আমি আন্দোলন করে দেখিয়ে দেবো- ডাক্তার বড় না পুলিশ বড়।’
এ প্রসঙ্গে এলিফ্যান্ড রোডে দায়িত্বরত ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব শেখ মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘তার (চিকিৎসক) কাছে আইডি কার্ড চাইতেই তিনি উত্তেজিত হয়ে পড়েন। আমাদের গালিগালাজ করতে থাকেন। তাকে শান্ত করার চেষ্টা করেও পারিনি। একপর্যায়ে বিএসএমএমইউ থেকে ডাক্তাররা এসে ওনার পক্ষ থেকে আমাদের কাছে স্যরি বলেছেন।’
তিনি আরও বলেন, ‘ডাক্তারদের ভুয়া অ্যাপ্রন লাগিয়ে অনেকেই রাস্তায় বের হয়েছেন। তার আইডি কার্ড নাই, সেটা ভালোভাবে বললেই আমরা ছেড়ে দিতাম। কিন্তু তিনি পুলিশের সঙ্গে যে আচরণ করেছেন তাতে রীতিমতো অবাক হয়েছি। তারপরও চেষ্টা করেছি বিষয়টি সামাল দিতে।’
মুক্তিযোদ্ধার সন্তান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা। আপনি যদি দেখতে চান, আপনাকে গেজেট পাঠাতে পারি।’
মামুনুর রশিদ বলেন, ‘করোনা মহামারির সময় আমরা সবাই যুদ্ধ করছি। এমন পরিস্থিতিতে যদি ফ্রন্ট লাইনে থাকা ডাক্তার, প্রশাসন, পুলিশ, সাংবাদিক— নিজেরা যদি এভাবে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ি তাহলে সাধারণ মানুষ কী ভাববে? সবার উচিত রাগ সামলে নিজেকে কন্ট্রোল করা।’
বিষয়টি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে। কর্তৃপক্ষ হয়ত জেনেছে। তারপরও তিনি যদি অভিযোগ করেন, ভিডিওসহ আমি প্রমাণ করতে পারব কার দোষ কতটুকু।’
