শাহজাদপুরে ৯ মাসের শিশুকে গলা কেটে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে নয় মাস বয়সী শিশু সন্তানকে গলা কেটে হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

 

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডিত মুক্তা খাতুন শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। তিনি একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

 

আদালতের পিপি গাজী আব্দুর রহমান জানান, ২০১৭ সালে আব্দুল্লাহর সঙ্গে মুক্তা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে মো. মাহমুদুল্লাহ ওরফে মাহিম ওরফে বেলাল নামে এক শিশুর জন্ম হয়। ২০২০ সালে শিশুটির বয়স ৯ মাস হয়। একই বছরের ২৮ এপ্রিল রাতে ধান কাটার কাজে নওগাঁয় চলে যান আব্দুল্লাহ।

 

এরপর বাড়ির সবাই তারাবির নামাজ পড়ার জন্য আব্দুল্লাহর বড় চাচা সোনাউল্লাহর বাড়ি যান। নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে শিশু মাহমুদুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখ টেপ দিয়ে আটকানো ছিল।

 

এ সময় পলাতক ছিলেন মুক্তা খাতুন। ওই রাতেই শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী মুক্তা খাতুনকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন শিশুটির বাবা আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *