নজর২৪ ডেস্ক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘জঙ্গিবাদবিরোধী ছাত্র ও যুব ঐক্য পরিষদ’ আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
মূলত চট্টগ্রাম নগর ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশে সাবেক ছাত্রলীগ নেতা, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগ নেতারা অংশ নেন।
অংশগ্রহণকারী নেতাকর্মীরা প্রায় সবাই প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। মহিউদ্দিনের মৃত্যুর পর বর্তমানে তারা মহিউদ্দিনপুত্র শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে আছেন।
সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু চট্টগ্রামে নয় বাংলাদেশের কোথাও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী মামুনুল হককে সভা করতে দেওয়া হবে না।”
উল্লেখ্য, শুক্রবার হাটহাজারীতে এক মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের।
তার আগের দিন আজ বৃহস্পতিবার জঙ্গিবাদবিরোধী এই সমাবেশ থেকে চট্টগ্রামে যেখানেই মামুনুল হককে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি তার কুশপুতুলও দাহ করা হয়।
