নজর২৪, ঢাকা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে আবারও ধৃষ্টতা দেখালে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ‘উগ্র সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাতের নাশকতা, জ্বালা পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে ছাত্রলীগ।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয়, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় জামাত-শিবিরকে হুশিয়ার দিয়ে বলেন, ‘আমরা যদি মাঠে নামি তাহলে আপনারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আবারও ধৃষ্টতা দেখান, তাহলে কিন্তু আমরা দাঁতভাঙা জবাব দেব। সারাদেশ পাঁচ মিনিটে অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে।’
জয় বলেন, ‘জাতির পিতাকে নিয়ে দেশ বিরোধী কুচক্রী মহল, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। তারা আবার ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন।
আল নাহিয়ান খান জয় বলেন, জাতির পিতাকে না পেলে আমরা বাংলাদেশকে পেতাম না। জাতির পিতার ভাস্কর্য নিয়ে যারা কথা বলেন তারা মূর্তি আর ভাস্কর্যের সংজ্ঞাই জানেন না।
তিনি বলেন, আমাদের নবীজি কখনও বলেননি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে। তাহলে কীভাবে আপনারা অন্যের ধর্মকে নিয়ে খারাপ কথা বলেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেয়া হবে না।
