২৭৬ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে সরকারের খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ টাকা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।

সভা শেষে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজকের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, টিসিবির জন্য এ তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৭ টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হচ্ছে।

সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউএন ট্রেডিং ঢাকার কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৮৬ কোটি ৪০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৭২ টাকা ৮০ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৮ টাকা ৪৫ পয়সা। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল কেনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *