Home বিনোদন সাড়ে তিন বছরেও শাকিব খানের আগুন জ্বলেনি!

সাড়ে তিন বছরেও শাকিব খানের আগুন জ্বলেনি!

0
443

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘আগুন’ সিনেমার শুটিং সাড়ে তিন বছর পরও শেষ হয়নি। বিগ বাজেটের সিনেমাটির সব ক’টি গানের শুট এখনও বাকি রয়েছে। কবে নাগাদ সেসব কাজ শেষ হবে তা নিয়েও রয়েছে শঙ্কা। মুক্তির বিষয়টি নিয়ে তাই ধোঁয়াশার মধ্যে রয়েছেন পরিচালক বদিউল আলম খোকন।

২০১৯ সালের জুলাইয়ের শেষদিকে সিনেমাটি নির্মাণের ঘোষণা আসে। শোবিজের নানা অঙ্গনের মানুষ ও মন্ত্রী-আমলাদের নিয়ে বেশ জমকালো আয়োজনে হয় সিনেমার মহরত।

দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির শুটিংও শুরু হয় ঘটা করে। তবে এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। এর মধ্যে ছিল প্রযোজক পরিবর্তন, করোনা মহামারি ও নায়ক শাকিব খানের শিডিউল সংকট।

সিনেমার প্রধান দুই তারকা শাকিব খান ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতুকে নিয়ে কয়েক ধাপে শুটিং করেন নির্মাতা বদিউল আলম খোকন। সব ঠিকঠাক চলতে থাকলেও মাঝপথে বাধে ঝামেলা।

বর্তমানে সিনেমার কাজ কতটা সম্পন্ন হয়েছে জানতে চাওয়া হলে পরিচালক বলেন, ‘সিনেমার সব দৃশ্যের কাজ সম্পন্ন হয়েছে; এখন শুধু গানের শুটিং বাকি রয়েছে। তার জন্য আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে। কারণ শাকিব পড়ে গিয়ে কিছুদিন আগে পায়ে ব্যথা পেয়েছে। ও সুস্থ হয়ে উঠলেই আমরা গানের শুটিং শেষ করব।’

এ বিষয়ে শাকিবের শিডিউল নেওয়া আছে কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখনও কথা হয়নি। দু-একদিনের মধ্যেই কথা হবে। তারপর শাকিবের শিডিউল নিয়ে আমরা গানের শুটের জন্য দিন ধার্য করব।’

তিনি আরও বলেন, ‘ঘোষণা অনুযায়ী সব কাজ খুব ভালোভাবেই শুরু করেছিলাম আমরা। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান পরিবর্তন, করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ, শাকিবের আমেরিকায় চলে যাওয়া সব মিলিয়ে আমরা পিছিয়ে পড়ি। যার ফলে ঘোষণা অনুযায়ী কোনো কাজই আর সময়মতো শেষ করতে পারিনি। এবার আশা করি এ বছরই সব কাজ শেষ করে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করতে পারব।’

কবে নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে, সে বিষয়ে এখনও অনিশ্চয়তার মধ্য রয়েছেন বলে জানিয়েছেন বহু সুপারহিট সিনেমার এই নির্মাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here