বরযাত্রীবাহী মাইক্রোবাসেও পুলিশের তল্লাশি

ঢাকায় বিএনপির গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার গাজীপুর মহাসড়কগুলোতে পুলিশি তল্লাশি আরও জোরালো করা হয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। সড়কে যানবাহন ও যাত্রী দুটিই কমেছে। একটু পরপর তল্লাশির মুখে পড়তে হচ্ছে গণপরিবহনকে। বাদ পড়ছে না বরযাত্রী গাড়িও।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে একটি মাইক্রোবাস বরসহ সাত-আটজন যাত্রী নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। আজ দুপুর ১২টার দিকে মাইক্রোবাসটি গাজীপুর উপজেলার চন্দ্রা ফায়ার সার্ভিসের কাছাকাছি পৌঁছালে হাইওয়ে পুলিশ গাড়িটির গতি রোধ করে। গাড়ির সামনে বড় করে শুভবিবাহ লেখা থাকলেও পুলিশ সদস্যরা মাইক্রোবাসটি তল্লাশি করেন। তল্লাশির পর মাইক্রোবাসটিকে ছেড়ে দেওয়া হয়।

মাইক্রোবাসের চালক বলেন, বরযাত্রীদের নিয়ে বের হয়ে গোড়াই এলাকায় এলে গাড়ি একবার তল্লাশি করা হয়। আবার চন্দ্রায় এসেও পুলিশি তল্লাশির মুখে পড়তে হয়।

এ বিষয়ে কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যানবাহন তল্লাশি করে যাচ্ছি। তবে কেউ যাতে অযথা হয়রানির শিকার না হয়, সে দিকেও খেয়াল রাখছি। বরযাত্রী বেসে কোনো দুষ্কৃতকারী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তাই সব যানবাহনে তল্লাশি করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *