আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে বেলা ১১টা ২৫ মিনিটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
দীর্ঘ সাড়ে ৪ বছর পর আয়োজিত ছাত্রলীগের এই সম্মেলনের বিষয়ে সংগঠনটির সূত্র জানিয়েছে, করোনা মহামারির কারণে সম্মেলন করতে দেরি হয়েছে।
সম্মেলন উপলক্ষে ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে৷ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতা-কর্মীরা মাথায় রঙ-বেরঙের ক্যাপ ও টুপি পরে দলে দলে সম্মেলনস্থলেও দিকে আসছেন।
পুরো সোহরাওয়ার্দী উদ্যান ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে৷ এসব ব্যানারের বেশিরভাগই বিভিন্ন পদপ্রার্থীদের। এ ছাড়াও, বর্তমান নেতা-কর্মীদের ব্যানারও চোখে পড়েছে।
হাজারো মানুষের সমাগমের মধ্যে কঠোর নিরাপত্তার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে হয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের৷ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ মুখে আর্চওয়ে বসানো হয়েছে৷ সেখানে এসএসএফ ও সেনাবাহিনীর সদস্যরা সবাইকে তল্লাশি করে মাঠে ঢুকতে দিচ্ছেন।
