কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে হারায় ব্রাজিল। বিশ্বকাপে তার ফেরা নিয়েই ছিল দুশ্চিন্তা। তবে এবার জানা গেলো এরই মধ্যে শতভাগ সুস্থ হয়ে উঠেছেন নেইমার।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এক টুইটবার্তায় এমন খবর দিয়েছে ব্রাজিল ফুটবল।
টুইটবার্তায় বলা হয়েছে, নেইমার বলেছেন যে, তিনি ইতোমধ্যে গোড়ালি ইনজুরি থেকে ১০০% সুস্থ হয়েছেন। শেষ ষোলোতেই নেইমার মাঠে নামবেন বলে জোরালোভাবে আশা করা হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) এক খবরে বলেছে যে, বুধবার নেইমারকে সুইমিং পুলে ফিজিওথেরাপি চালিয়ে যেতে দেখা গেছে। তিনি জোরকদমে বিশ্বকাপে ফেরার চেষ্টা করছেন।
একই সময়ে ইনজুরিতে থাকা অ্যালেক্স সান্দ্রোকেও জগিং এবং অন্যান্য অনুশীলন করতে দেখা যায়। এছাড়া আরেক খেলোয়াড় দানিলো বুধবার দলের সঙ্গে যোগ দেন ও আলাদাভাবে অনুশীলন করেন।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। এরপর নেইমারকে ছাড়াই তারা জয় পায় সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পায় সেলেসাওরা। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ততটা জরুরি নয় তাদের জন্য। এই ম্যাচে বেঞ্চই পরীক্ষা করে দেখতে চাইবেন কোচ তিতে। শেষ ষোলোতেই বরং পুরো ফিট নেইমারকে বেশি চাইবেন তিনি।
