ভূঞাপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে মীম মোটর্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি ফের নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০২১/২০২২ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলার অর্জুনা ও অলোয়া ইউনিয়নে দুটি প্রকল্পের মাধ্যমে মোট ১ কিলোমিটার রাস্তার হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজ পায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। যার চুক্তি মুল্য ৫০ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের ইট দিয়ে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করে। রাস্তার দু-পাশে নিয়মানুযায়ী করা হয়নি প্যালাসাইটিংও, সামান্য টিন দিয়েই দায়সারা কাজ করছে ঠিকাদার। এছাড়া মজবুত না করেই আলগা বালুর উপরেই বসানো হয়েছে ইট। এতে করে সামান্য বৃষ্টিতেই রাস্তা থেকে  সরে যেতে পারে ইট।

এদিকে নির্মাণ শ্রমিকরা বলছেন, নিম্নমানের ইটসহ বিভিন্ন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হলে বেশিদিন টিকবে না জানলেও তাদের কিছু করার নেই।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আঃ বারি মিঞা বলেন, আমাদের নিজস্ব ইটের ভাটা থেকে ১ম শ্রেণির ইট দিয়ে রাস্তা তৈরি করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, এ ধরনের কোন অভিযোগ আমার কাছে আসে নাই, আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, বিষয়টি আমি এর আগেও শুনেছি। ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *