শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

মৃদু শৈত্যপ্রবাহের আওতা বেড়েছে। একদিনের ব্যবধানে নতুন করে আরও পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আপাতত শীত বেড়ে শৈত্যপ্রবাহের আওতা আর বাড়ার সম্ভাবনা নেই বরং আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু এলাকা থেকে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) নাগাদ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এদিকে পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *