পতাকা টানিয়ে অনুশীলনে পাকিস্তান, বিসিবি বলছে ‘সমস্যা নেই’

স্পোর্টস আপডেট ডেস্ক- তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সিরিজের প্রস্তুতি হিসেবে অনুশীলন শুরু করেছেন আফ্রিদি, রিজওয়ানরা। তবে পাকিস্তানের অনুশীলনের সময় ওড়ানো দেশটির পতাকা নিয়ে ঘটেছে বিপত্তি। খবর- নিউজবাংলার

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে পাকিস্তানি পতাকা নিয়ে। তবে পাকিস্তান দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, বিশ্বকাপসহ অন্যান্য সিরিজগুলোতে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতেই অনুশীলনে পতাকা টাঙিয়ে রাখছেন তারা।

 

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কোনো আপত্তি জানায়নি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান দল যেহেতু বিশ্বকাপসহ আইসিসির অন্যান্য টুর্নামেন্টে প্রটোকল মেনে পতাকা টাঙিয়ে অনুশীলন করে এসেছে তাই ঢাকাতেও করতে সমস্যা নেই।

 

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘এটা পাকিস্তান দলের সংস্কৃতির একটা অংশ। বিশ্বকাপসহ অন্যান্য সিরিজের অনুশীলন সেশনে ওরা পতাকা নিয়ে যায়। এবারের বিশ্বকাপেও তারা এমনটা করেছে। এটা নিয়ে আসলে আমাদের বলার কিছু নাই।’

 

বাংলাদেশের জাতীয় পতাকা ও দেশের মাটিতে বিদেশি পতাকা ব্যবহারের একটি সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা’ অনুযায়ী দেশের মাটিতে বিদেশি পতাকা টাঙাতে সরকারের অনুমতিসহ আরও কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

 

তবে বিসিবি বলছে, পাকিস্তানি ক্রিকেট টিম এ ধরনের কোনো অনুমতি না চাইলেও বিষয়টিকে তারা বড় করে দেখছে না। সূত্র- নিউজবাংলা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *