খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারের: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। গতরাতে তিনি প্রথম সিসিইউ বেড থেকে হুইলচেয়ারে বসেছেন। তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।’

 

তিনি বলেন, ‘এই নেত্রী (খালেদা জিয়া) গণতন্ত্রের নেত্রী এবং তার যদি কিছু হয়ে যায় সব দায়-দায়িত্ব কিন্তু এই সরকারকে বহন করতে হবে। এ কথা খুব পরিষ্কার।’

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন তিনি অসুস্থ অবস্থায় (খালেদা জিয়া) হাসপাতালে, তখন আমরা পত্রিকায় দেখছি, পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা সরকারে কাছে আহ্বান জানাচ্ছি যে, অবিলম্বে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হোক।’

 

‘আজকে আমরা বলতে চাই, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দয়া করে আপনারা মানবতার স্বার্থে খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার সুযোগ করে দেন। যেটা তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,’—বলেন বিএনপি মহাসচিব।

 

মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের ডাক্তার সাহেবরা ইতোমধ্যে বলেছেন, তার চিকিৎসা হচ্ছে অনেক ধরনের অসুখের। এই অসুখগুলোর যদি সত্যিকার অর্থে সুষ্ঠু চিকিৎসা করাতে হয়, তাহলে দেশে সে ধরনের মেডিক্যাল সেন্টার বা হাসপাতাল নেই।’

 

তিনি বলেন, ‘এ জন্য বার বার তাকে বলা হয়েছে এবং তার পরিবার থেকে আবেদন করা হয়েছে, অন্তত মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। আমরা এ বিষয়ে বার বার করে বলেছি। কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *