মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি এই প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে লিফলেট বিতরণ ও যান্ত্রিক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পৌর সদরের উপজেলা চত্বর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে গিয়ে সমাপ্ত ঘটে।
র্যালি ও গণসংযোগে অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে মন্ডল, ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার মো. আজিজুর রহমান, রায়হান সিকদার, আবু রায়হান, সাংবাদিক রাব্বি ইসলামসহ কর্তব্যরত আরও ২০ সদস্য উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার শিক্ষক মো. আজিজুর রহমান বলেন, অগ্নিনির্বাপণ, আহতদের সেবা প্রদান, মুমূর্ষু রোগী পরিবহন, প্রাকৃতিক দুযোর্গসহ যেকোন মানবসৃষ্ট দুর্যোগে নিরলসভাবে সেবাদান করে থাকেন। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগের সময় সর্বদাই পাশে থাকেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পরামর্শ প্রদান, গণসংযোগ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নি মহড়া অনুষ্ঠিত হবে।
