আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
রোববার ১১ (ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের পিকআপভ্যানের চালক ওলিউল্লাহ (২২), মরারচর গ্রামের পিকআপভ্যানের হেলপার আজিজুর রহমান নিশান (২৪) ও ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামের মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টার দিকে ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের নাইটকোচের সঙ্গে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী টমেটো বহনকারী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এর চালক, হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়।
মোত্তাসিম নামের ওই যাত্রীর বাবা নুরুল ইসলাম জানান, তার ছেলে বিদেশ যাওয়ার জন্য ঢাকায় প্রয়োজনীয় কাজ শেষে বাসে দিনাজপুর আসে। সেখান থেকে পিকআপভ্যানে বাড়ি ফিরছিল।
ফুলবাড়ী থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরই বাস নিয়ে চালক পালিয়ে গেছে। ওই চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
