Home খেলাধুলা অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নারী ফুটবলার সানজিদা

অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নারী ফুটবলার সানজিদা

0
152

নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নারী দলের এবারই প্রথম। এর আগে ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে ভারতের বিপক্ষে খেলে হেরেছিল বাংলাদেশ। এবার নেপালের কাঠমুন্ডুতে চ্যাম্পিয়ন হয়েছে সানজিদা-সাবিনারা।

নারী ফুটবলারদের মধ্যে অন্যতম আলোচিত নাম সানজিদা আক্তার। তার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম, সেই সঙ্গে গোটা বাংলাদেশও। এজন্য কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা।

এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে বেশ কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন সানজিদা। সেখানে তিনি বলেন, তাকে মডেলিং ও নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন বেশ কজন নির্মাতা। তবে ফুটবলে মনোযোগ কমে যাবে বলে সেই সব প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

সানজিদার ভাষ্য, ‘‘অনেকে ফেসবুকে আমার ছবি দেখে যোগাযোগ করেছিল মডেলিং করব কি না, নাটকে অভিনয় করব কি না। আমি ‘না’ করে দিয়েছি। কারণ ফুটবলেই আমার একমাত্র মনোযোগ।’’

তিনি আরও জানান, বাংলাদেশ নারী ফুটবল দলের মধ্যে সর্বপ্রথম তার ফেসবুক পেজ ভেরিফায়েড হয়। এজন্য তিনি গর্বিত। ফেসবুকে ভক্ত-অনুরাগীদের নানা রকম মন্তব্য আসে। সেগুলো এনজয় করেন তিনি। অনেকে তাকে ‘ক্রাশ’ বলে। এসব দেখে লজ্জাও পান, মজাও পান বলে জানান সানজিদা।

ফুটবল পায়ে সানজিদা মাঠে একজন চৌকস উইঙ্গার। দলের হয়ে আক্রমণ তৈরি করতে তিনি খুবই কার্যকর। ব্যক্তিগতভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। খেলেনও ৭ নম্বর জার্সি পরে।

বেশ স্টাইলিশ ও ফ্যাশনসচেতন সানজিদা এরই মধ্যে সবার নজর কেড়ে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। নেপালের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামার আগে ছাদখোলা বাস নিয়ে তার আবেগপ্রবণ এক স্ট্যাটাস সারা দেশের মানুষের মন জয় করে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here