যার কাছে শান্তি পাব, সেই মানুষকেই বিয়ে করব: পড়শী

সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অভিনয়েও অভিষেক হয়েছে তার। চলচ্চিত্র ও টিভি নাটক— দুই মাধ্যমে অভিনয় করেছেন তিনি। গত ঈদুল আজহা উপলক্ষে একটি একক নাটকে অভিনয় করেন এই শিল্পী। ‘শাদি মোবারক’ শিরোনামে নাটকটিতে পড়শীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেন মাহমুদ মাহিন। এতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান পড়শী।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফের একটি নাটকে অভিনয় করলেন সংগীতশিল্পী পড়শী। ‘এখানে প্রেম শেখানো হয়’ শিরোনামের এ নাটক পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজিন আহমেদ বাবু। এতে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

এদিকে সংগীত ও অভিনয় নিয়ে কথা বললেও সম্প্রতি এই তারকা ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে। আলাপকালে বিয়ের জন্য কেমন পাত্র চান সেই কথা জানান পড়শী। বলেন, “নির্দিষ্ট করে আমার কোনো পছন্দ নেই।”

অভিনেত্রী পড়শী বলেন, “পাত্র ফর্সা হতে হবে বা খুব লম্বা হতে হবে এরকম কোনো চাওয়া বা পছন্দ নেই। আমার কথা হলো আমি যার কাছে শান্তি পাব, সেই মানুষকেই বিয়ে করব। আমাদের ধর্মেও রয়েছে এবং আমি বিশ্বাস করি যে, হাজবেন্ড হচ্ছে শান্তির জায়গা। আমি তো সেই মানুষকেই বিয়ে করব যার কাছে আমি আমার মতো করে থাকতে পারব।”

নিজের মতো করে থাকতে যিনি পছন্দ করবেন, তবে তা কাজের ক্ষেত্রে নয় উল্লেখ করে এই সংগীতশিল্পী আরও বলেন, “আমি যা ইচ্ছা তাই করব বিষয়টা এমন না। আমার মতো করে বলতে সেই রকম মানুষই চাই যে মানুষটা আমাকে সঠিক পথে চলতে দিক-নির্দেশনা দিবে। এক্ষেত্রে সেই মানুষটা দেখতে কেমন হবে, উচ্চতা কত, চাকরি কী করবে— এসব নিয়ে কখনো আমি চিন্তা করি না।

বিবাহিত জীবনে সংসারের বিষয়ে তিনি বলেন, “বিয়ের পরে কীভাবে একটা সংসার চলবে তা আল্লাহই ব্যবস্থা করে দেবে। সেখানে বিয়ের জন্য ওই মানুষকে (পাত্র) অনেক বেশি বড় লোক হতে হবে, প্রচুর টাকা-পয়সা থাকতে হবে এমনটা না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *