দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুক্রবার দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা। মুক্তির আগের রাতে ছবির কলকুশলীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মগবাজার এলাকায় নিজ হাতে পোস্টার লাগান। এ সময় উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া, সিয়াম আহেমেদ, রোশান ও পরিচালক দীপংকর দীপন।
রাতে পোস্টার লাগানো প্রসঙ্গে দীপংকর দীপন গণমাধ্যমকে বলেন, ‘এসব নতুন কিছু নয়। রাত জেগে সিনেমার স্ক্রিপ্ট করেছি, নির্মাণ করেছি, এডিট করেছি। এবার পোস্টার লাগাচ্ছি।’
সিয়াম আহমেদ বলেন, সিনেমাটি দর্শকদের ভাল লাগবে এই আমার প্রত্যাশা। এর বাইরে কোন প্রত্যাশা নাই। এতদিনের চেপে রাখা প্রতিক্ষার অবসান হতে চলেছে। দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইলাম। সবাই সিনেমা হলে এসে দেখুন।
রোশান জানান, দীর্ঘ চার বছর অপেক্ষার পর এই সিনেমা মুক্তি পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ঈদের আগের রাত মানে চাঁদ রাতের আনন্দ হচ্ছে। মনে হচ্ছে সকাল হলেই ঈদ। আর আমি দৌড়ে গিয়ে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করব।
সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র্যাবের যে দুঃসাহসিক অভিযান, সে ঘটনা নিয়েই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।
সিনেমাটি দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে- ঢাকা স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাব, গীত সিনেমা, বি.ডি.আর (পিলখানা), নারায়ণগঞ্জ সিনে স্কোপ, কেরানীগঞ্জ লায়ন সিনেমাস, সিলেট গ্র্যান্ড সিনেপ্লেক্স, চট্টগ্রাম সিলভার স্ক্রিন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেমা, সিরাজগঞ্জ রুটস সিনেক্লাব, বগুড়া মধুবন সিনেপ্লেক্স, কাঁচপুর চাঁদমহল সিনেমা, নারায়ণগঞ্জ নিউমেট্রো সিনেমা, জয়দেবপুর বর্ষা সিনেমা, সাভার চন্দ্রিমা সিনেমা, সেনা অডিটোরিয়াম (নবীনগর), শেরপুর সত্যবতী, খুলনা শঙ্খ, লিবার্টি, ময়মনসিংহ ছায়াবাণী, রংপুর শাপলা, বরিশাল অভিরুচি, যশোর মণিহার, কিশোরগঞ্জ আনন্দ।
সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।
