খুব শিগগির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘খুফিয়া’। প্রকাশ্যে এসেছে বিশাল ভরদ্বাজের এই সিনেমার টিজার। পর্দায় বাঁধনের কয়েক সেকেন্ডের উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। টিজার নিয়ে নেটদুনিয়ায় এখনো আলোচনা চলছে।
এদিকে টিজার প্রকাশিত হলেও ছবির কাজ এখনো শেষ হয়নি। জানা গেছে, খুফিয়ার শুটিং করতে আবার মুম্বাই গিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী। শুটিং শেষে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি।
টানা শুটিংয়ে সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের টাবুকে। মাস ছয়েক আগে ছবিটির শুটিং করেছিলেন দিল্লিতে, এবার হলো মুম্বাই ফিল্ম সিটিতে।
বাঁধন সংবাদমাধ্যমকে জানালেন, সিনেমায় তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে বেশির ভাগ দৃশ্যই টাবুর সঙ্গে। টাবুর মতো শিল্পীকে সহশিল্পী হিসেবে পেয়ে অভিভূত বাঁধন।
তিনি বলেন, ‘ওনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তাঁর মতো মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করছে। ওনার অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই। উনি মানুষ হিসেবেও অসাধারণ।’
মুম্বাই ফিল্ম সিটির ৫ নম্বর ফ্লোরে শুটিং হয়েছে খুফিয়ার। সিনেমায় টাবুর চরিত্রের নাম কৃষ্ণা মেহরা, বাঁধন করেছেন এক বাঙালি নারীর চরিত্র।
কথা প্রসঙ্গে বিশাল ভরদ্বাজের প্রশংসা করেন বাঁধন, ‘তাঁর মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। উনি ভীষণ ভালো মনের মানুষ, খুবই ডাউন টু আর্থ।’
জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।
এদিকে, এই ছবির জন্য ঢাকার একজন নায়িকা লাগবে জানিয়ে বিশাল প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত এই নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম।
তবে বিশাল ভরদ্বাজের প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন। জানা যায়, শিগগিরই ‘খুফিয়া মুক্তি পাবে নেটফ্লিক্সে।
