ওসির ৮ তলা বাড়িসহ সম্পদের অনুসন্ধান চেয়ে ব্যারিস্টার সুমনের রিট

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের আট তলা বাড়িসহ বিপুল সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (১০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার সুমন।

রিটে ওসি মনিরুলের সম্পদের অনুসন্ধানের নির্দেশনার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বিবাদীদের নিস্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশপ্রধান, দুদকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৮ আগস্ট রাজধানীতে আটতলা বাড়ি-প্লটসহ বিপুল সম্পদের মালিক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিপুল সম্পদের বিষয়টি আদালতে উপস্থাপন করেন তিনি।

গত ৫ আগস্ট একটি জাতীয় পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইদিন আদালত থেকে বেরিয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ব্যারিস্টার সুমন। তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তার এত সম্পদ হয় কীভাবে? তার বেতন ভাতা এত বেশি না যে তিনি এই পরিমাণ সম্পদের মালিক হবেন। বুঝা যাচ্ছে তিনি অসাধু ইনকাম করেছেন। তার এসব সম্পদ দেখে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিরাও দুর্নীতিবাজ হয়ে যাবেন।

এর আগে গত ৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকায় আটতলা বাড়ি করেছেন। বানাচ্ছেন আরেকটি ডুপ্লেক্স বাড়ি। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে তার রয়েছে চারটি প্লট। বাড়ি ও প্লটসহ এই বিপুল সম্পদের মালিক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’

‘সরকারি একটি সংস্থার তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানে ওসি মনিরুলের এসব অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তবে পুলিশ সূত্র বলছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, তার সম্পদের পরিমাণ এর চেয়ে অনেক বেশি।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘পুলিশের একজন পরিদর্শক হয়ে ওসি মনিরুল কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, তা নিয়ে পুলিশ বিভাগে আলোচনা চলছে। বর্তমানে তিনি নবম গ্রেডে ২২ হাজার টাকা স্কেলে সর্বসাকুল্যে সর্বোচ্চ ৫০ থেকে ৭০ হাজার টাকা বেতন পান। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি এই সম্পদের মালিক হয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *