পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সতর্ক হয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধনের দিন দলের নেতাকর্মীদের সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সভায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দলীয় নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর বার্তা পড়ে শোনান মির্জা আজম । তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের শোনাতে একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়ার সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।

আগামী ২৫ জুন সকাল ১০টায় বহুল আকাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বেলা ১১টায় কাঁঠালবাড়ি প্রান্তে সমাবেশ করবে আওয়ামী লীগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী সেখানে নানা আয়োজন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *