এক দিন আগেই যাদের চেনেন না দাবি করেছিলেন, বিনা টিকিটে ট্রেনে চড়া সেই তিন যাত্রীকেই আত্মীয় বলে স্বীকার করে নিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মন্ত্রণালয়ে রোববার সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করেন তিনি।
ওই তিন যাত্রীকে জরিমানা করায় বরখাস্ত হয়েছেন ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) শফিকুল ইসলাম। তাকে বরখাস্ত করতে মন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনি নির্দেশ দেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
মন্ত্রী বলছেন, তিনিও বিষয়টি শুনেছেন।
ট্রেনে বিনা টিকিটে চড়া তিনজনের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমার আত্মীয়; এটা এখন ঠিক, যেটা আমিও এখন শুনেছি। এর আগে পর্যন্ত আমি জানতাম না, এরা কারা এবং আমার জানার কথাও না।’
তিনি বলেন, ‘মাত্র ৯ মাস হলো আমার বিয়ে হয়েছে। নতুন যে স্ত্রীকে আমি গ্রহণ করেছি, সে ঢাকাতেই থাকে। তার মামাবাড়ির- নানাবাড়ি হলো…।’
স্ত্রীর ফোনে টিটিই বরখাস্ত হওয়ার বিষয়টি শুনেছেন কি না জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা যেভাবে শুনেছেন, বিষয়টি আমিও সেভাবে শুনেছি।’
এর আগে শনিবার মন্ত্রী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ট্রেনের ওই তিন যাত্রীর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক নেই। তাদের তিনি চেনেনও না। সাধারণ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণেই বরখাস্ত হয়েছেন টিটিই।
তবে গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে, যার অভিযোগের পরিপ্রেক্ষিতে টিটিইকে বরখাস্ত করা হয় তার নাম ইমরুল কায়েস প্রান্ত। তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আক্তারের ফুপাতো বোনের ছেলে। তার ট্রেনযাত্রার সঙ্গী হাসান ও ওমর রেলমন্ত্রীর স্ত্রী শাম্মীর মামাতো ভাই। ঈশ্বরদী শহরের নূর মহল্লায় তাদের বাড়ি।
