দুই বছর পর পুরোনো চেহারায় ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠান

মহামারীর ধাক্কা সামলে দুই পর স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু হয়েছে স্কুল-কলেজে। আজ মঙ্গলবার থেকে প্রতিদিন সব বিষয়ে ক্লাস নেওয়া শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সশরীর পূর্ণাঙ্গ শ্রেণি কার্যক্রমে ফিরতে দুই বছরের অপেক্ষার অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে অভিভাবকদের মনেও।

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে স্বাভাবিক নিয়মে প্রতিদিন ক্লাস শুরু হয়েছিল ২ মার্চ থেকেই। তবে মাধ্যমিকে ক্লাস হচ্ছিল সীমিতভাবে; মঙ্গলবার তারাও পুরোদমে শ্রেণি কার্যক্রমে ফিরল।

আর প্রাক-প্রাথমিকের, অর্থাৎ নার্সারি-কেজির মতো ছোট শ্রেণির ক্লাসগুলো শুরু হলো দীর্ঘ দুই বছর পর। মহামারী পরিস্থিতিতে অনলাইনেই বিভিন্ন স্কুলগুলো তাদের ক্লাস নিয়ে আসছিল। অর্থাৎ এসব স্কুলের অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার পর মঙ্গলবারই প্রথম ক্লাসে যাওয়ার সুযোগ পাচ্ছে।

এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা এতদিন চারটি বিষয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ে প্রতিদিন ক্লাস করে আসছিল। অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একদিন তিন বিষয়ের ক্লাস হচ্ছিল।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সব শ্রেণির ক্লাস এক সাথে শুরু হওয়ায় স্কুল এলাকাগুলোও ফিরে আসে চেনা চেহারায়।

রাজধানীর মগবাজার মোড়ে দেখা হয় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মোবারক আলমের বাবা মনিরুল আলমের সঙ্গে।

তিনি বলেন, ‘এই দিনটির জন্য আমার ছেলে যে কত দিন অপেক্ষায় ছিল বলে বোঝাতে পারবো না। কাল রাত থেকেই ছেলে খুবই খুশি সকালে স্কুলে যাবে এটা ভেবে।’

বাবার পাশে থাকা মোবারক নিজ থেকেই বলে ওঠে, ‘বাবা শুধু বলতো স্কুলে নিয়ে যাবে কিন্তু নিয়ে আসতো না। আজ সত্যি সত্যি নিয়ে আসলো। থ্যাংকিউ বাবা।’

একই ধরনের অনুভূতির প্রকাশ পেল স্কুল শিক্ষক তাসমিয়ার আহমেদের কণ্ঠে।

তিনি বলেন, ‘আমার মেয়ে ইস্পাহানিতে শিশু শ্রেণিতে ভর্তি হয়েছে এবার। সবাই বলছিল স্কুলে ভর্তি করে কি হবে? স্কুলে গিয়ে বাচ্চা তো আর ক্লাস করতে পারবে না। কিন্তু তারপরও আমি মেয়েকে স্কুলে ভর্তি করেছি। সত্যিই আজকের দিনটি আমার মেয়ের জন্য সত্যিই স্পেশাল।

শিশু শ্রেণির খুদে শিক্ষার্থীরা স্কুলে আসতে পেরে খুশি শিক্ষকরাও।

জানতে চাইলে মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার বেগম বলেন, ‘অনেক দিন পর শিশু শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে আসলো। ওরা আসাতে স্কুলের পরিবেশটাই যেন পাল্টে গেল। সত্যিই খুব ভাল লাগছে।’

একই সুরে কথা বললেন ইস্কাটন গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র চৌধুরী।

তিনি বলেন, ‘শিশু শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে আসাতে খুবই ভাল লাগছে। ওদের কোলাহলে আজ বিদ্যালয় পরিপূর্ণ মনে হচ্ছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।’

রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি ছিল। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বেহাল দশা তৈরি হয়েছিল। এজন্য পুরোদমে ক্লাস শুরু করাটা জরুরি ছিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আজ থেকে সেটা সম্ভব হল।

তিনি বলেন, শিক্ষার্থীরা সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি মেনেই শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে। ছোট ছোট বাচ্চাদের স্কুলে এসে যেভাবে নাচানাচি করতে দেখেছি, আমি খুবই অবাক হয়েছি। আসলে অনেক দিন পর পুরোদমে ক্লাস শুরু হওয়ায় তারা খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *