ঢাকা- মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে জনগণের করের টাকায় আমলাদের বেতন হয় বলেও উল্লেখ করেন তিনি।
জনগণকে সেবাদান কোনো দয়া-দাক্ষিণ্য বা বদান্যতার বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, মনে রাখতে হবে জনগণের টাকায়ই আমাদের সংসার চলে। তাই সেবা পাওয়াটা জনগণের অধিকার।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলন- ২০২২ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বঙ্গভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন রাষ্ট্রপতি।
দেশ ও জনগণের স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা, আপনারা জনগণের সেবক। তাই জনগণের সেবক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেবেন। মনে রাখতে হবে, জনগণের টাকাতেই আমাদের সংসার চলে। তাই জনগণকে সেবাদান কোনও দয়া-দাক্ষিণ্য বা বদান্যতার বিষয় নয়। সেবা পাওয়াটা জনগণের অধিকার।’
নিজের বক্তব্যে আমলাদের ক্ষমতার অপব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি, ‘আমলাতন্ত্র ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিটি স্তরে দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়। দায়িত্ব সঠিক ও সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতা প্রয়োগ অত্যাবশ্যক। কিন্তু ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তা নিশ্চিত করা আরও বেশি জরুরি। তাই কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার পার্থক্য সচেতনভাবে বজায় রাখবেন।’
ভূমি ব্যবস্থাপনায় জড়িতদের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়ার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি, ‘ভূমি ব্যবস্থাপনার সঙ্গে জনগণের সম্পৃক্ততা খুব বেশি ও সরাসরি। গ্রামীণ বিরোধ ও মামলা মোকদ্দমার বেশিরভাগই জমিজমা সংক্রান্ত। তাই দক্ষ, আধুনিক, জনকল্যাণমুখী ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে আরও দক্ষতার সঙ্গে ভূমি বিষয়ক সেবা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে।’
মো. আবদুল হামিদ যোগ করেন, ‘ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হচ্ছে। কিন্তু ভূমি রেকর্ডের সময় একশ্রেণির অসাধু কর্মচারী স্থানীয় প্রভাবশালী দালাল চক্রের সহযোগিতায় অনেক অনিয়ম করছে এবং অবৈধ সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছে। এতে জনভোগান্তি বেড়েছে। তাই এসব ব্যাপারে আপনাদের কঠোর হতে হবে এবং যেকোনও অনিয়ম বন্ধ করতে শক্ত পদক্ষেপ নিতে হবে। সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে।’
