বিনোদন ডেস্ক- কানাডা প্রবাসী হিশাম চিশতির সঙ্গে পরিচয়ের ৭ মাসের মাথায় বিয়ে করেছিলেন চিত্রনায়িকা তমা মির্জা। ২০১৯ সালের ৯ মার্চ তাদের বাদগানের পর ৭ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কিন্তু বছর না যেতেই মনমালিন্য শুরু হয় তাদের মাঝে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত।
তবে সংসার রক্ষা হলো না। গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে সংসার ভেঙেছে এই তারকার। অনেক দিন ধরেই স্বামীকে ছেড়ে তিনি আলাদা থাকছেন।
অবশেষে হিশাম চিশতী নিশ্চিত করলেন, গত সেপ্টেম্বরের ৭ তারিখ উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি।
হিশাম বলেন, ‘বিয়ের পর থেকে বেশকিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নেই।
এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।’
‘তার জন্য আমার শুভ কামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই’- যোগ করেন হিশাম।
এদিকে তমা মির্জার সঙ্গে ডিভোর্স নোটিশের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি নোটিশ পেয়েছেন বলে জানান।
