তাবলীগ নিয়ে সৌদি আরবের সিদ্ধান্তের নিন্দা হেফাজতের

নজর২৪, ঢাকা- সৌদি আরবে তাবলীগ জামাতের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারীর নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই নিন্দা জানান।

 

তারা বলেন, তাবলীগ জামাত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নির্ভেজাল, দাওয়াতি জামাত। কিন্তু বর্তমানে সৌদি সরকার এই জামাতের বিরুদ্ধে কবর পূজা, শিরক বা উগ্রবাদের যে অপবাদ দিচ্ছে তা আমাদের মতে জঘন্য মিথ্যা অপবাদ ছাড়া আর কিছু নয়।

 

হেফাজত নেতারা বলেন, মূলত কবর পূজা, শিরক বেদাত ও উগ্রবাদের সাথে এদের কোনো দূর সম্পর্কও নেই। জামাতে তাবলীগ সম্পর্কে ভালোভাবে জানা না থাকার কারণে এমনটা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। সৌদি সরকারের কাছে আমাদের অনুরোধ, তারা যেন বিষয়টি খতিয়ে দেখে এবং এমন কোনো সিদ্ধান্ত না নেয়, যা তাদের ন্যায়বোধকে বিশ্বদরবারে প্রশ্নবিদ্ধ করবে।

 

হেফাজত নেতারা আরও বলেন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (রহ.) সহ প্রায় সকল মুরব্বি দ্বীনের দাঈ, তাওহীদের বার্তাবাহক ছিলেন। বেদাত-কুসংস্কার থেকে অনেক দূরে থাকতেন। তাদের অনেকে হাদিস গ্রন্থের বড় বড় ব্যাখ্যাকারও বটে।

 

তারা বলেন, উনবিংশ শতাব্দীতে দারুল উলূম দেওবন্দের এক সুযোগ্য সন্তান শায়খ মাওলানা ইলিয়াস (রহ.) এর হাতে এই জামাত প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী পাঁচ উপমহাদেশে ব্যাপক বিস্তার লাভ করে এটি। এই জামাতের উদ্দেশ্য শুধুমাত্র মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেয়া, খালিস তাওহীদ প্রতিষ্ঠা ও সুন্নতের অনুসরণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। পথহারা মানুষকে পথের দিশা দেয়া। বর্তমানে এই জামাত বিশ্বজড়ে একটি ঈমানী ও দাওয়াতি জামাতে রূপ লাভ করেছে। আল্লাহর মেহেরবানীতে এই জামাতের মাধ্যমে অগণিত পথহারা মানুষ সিরাতুল মুস্তাকিমের সন্ধান লাভ করতে সক্ষম হয়েছে।

 

উল্লেখ্য, তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ ডিসেম্বর) জুমার নামাজের খুতবায় এ সংগঠন সম্পর্কে মানুষকে সতর্ক করার নির্দেশ দিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ডা. আবদুল লতিফ আল শেখ। ৬ ডিসেম্বর এক টুইট বার্তায় এ নির্দেশনা জানানো হয়

 

টুইট বার্তায় এ সংগঠনকে সন্ত্রাসবাদের অন্যতম ‘কেন্দ্র’ উল্লেখ করে এর বিপথগামীতা, বিচ্যুতি ও ভয়াবহতার নানা দিক মুসল্লিদের কাছে তুলে ধরতে বলা হয়। এছাড়াও সংগঠনটির প্রধান প্রধান ভুলগুলো মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *