ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছে।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

 

তিনি বলেন, ওবায়দুল কাদের নিয়মিত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে এসেছিলেন। পূর্বের সমস্যার পাশাপাশি তার অ্যাজমা আছে। এজন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছে। তারা বলেছেন, উনি এত বেশি পরিশ্রম করেছেন, তাই ওনার একটু বিশ্রাম নেয়া দরকার। তবে ওবায়দুল কাদের শঙ্কামুক্ত।

 

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘আমরা একটু আগে দেখে এসেছি, ওনার অক্সিজেন স্যাচুরেশন ৯৯, পালস রেট ৭৩। তার মানে সবকিছু স্বাভাবিক।’

 

বয়সের কারণে কাদেরের ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপ রয়েছে বলেও জানান শরফুদ্দিন। ওষুধের মাধ্যমেই সবকিছু ঠিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন এই চিকিৎসক। বলেন, ‘উনি শঙ্কামুক্ত। ওনার জন্য সবাই দোয়া করবেন।’

 

উপাচার্য শরফুদ্দিন আরও বলেন, ‘চিকিৎসার জন্য উনি দেশের বাইরে যাওয়ার জন্য একটুও লালায়িত নন। এ বিষয়টি আমাদেরকে বিস্মিত করেছে। বিশেষজ্ঞ হিসাবে আমরা যে সবাইকে চিকিৎসা দিতে সক্ষম, তার প্রমাণও উনি রাখলেন। যেমন করে করোনা গত দেড় বছরে প্রমাণ করে দিয়েছে, কোনো রোগীকে বাহিরে গিয়ে চিকিৎসা করতে হয়নি।’

 

আগামীকাল বুধবার সকাল ১০টায় মেডিক্যাল বোর্ড কাদেরকে আবার দেখবেন জানিয়ে তিনি বলেন, পরবর্তী আপডেট জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *