পাগলামি ছেড়ে এখন বাড়িতে গিয়ে ঘুমান: আশরাফুল আলম খোকন

নজর২৪ ডেস্ক- নারীর প্রতি ‘অবমাননাকর’ ও ‘বর্ণবাদী’ মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নারী নেত্রীরা। তারা বলছেন, নারীর প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে মুরাদকে।

 

নারীর প্রতি ‘অবমাননাকর’ ও ‘বর্ণবাদী’ মন্তব্য করে আগে থেকেই তীব্র সমালোচনার মধ্যে আছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এর মধ্যে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তোপের মুখে পড়েন তিনি।

 

তীব্র ক্ষোভ ও সমালোচনার মধ্যে সোমবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, মুরাদকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এদিকে মুরাদকে মন্ত্রীসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তার সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

 

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘বুঝলাম আপনি অনেক মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ছেড়ে দিয়ে ডাক্তার হয়েছেন। আমরা আপনার মত মেধাবী না। ঢাকা বিশ্ববিদ্যালয়ই আমাদের অস্তিত্ব ও আবেগের জায়গা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদের নিয়ে যা বলেছেন তা আপনি কোন ক্ষোভ থেকে বলেছেন তা অনেকেই জানে। মুখটা খুলতে চাই না। এমন অরুচিকর মন্তব্য নিয়ে কিছু বলতেও রুচিতে বাঁধে।

 

আপনি মেধাবী হয়ে জাতিকে একের পর এক যা দিচ্ছেন, এমন অসুস্থ মেধাবীও আমরা হতে চাই না। আপনার মত পারিবারিক ঐতিহ্যের অধিকারীও হতে চাই না। পরিবারের সম্মান রাখার যোগ্যতা আপনার নাই।

 

এখন বাড়িতে গিয়ে ঘুমান। পাগলামি ছাড়েন। আপনাদের মত লোকদের জন্য তরুণদের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। এখনও অনেক তরুণ মন্ত্রী-এমপি আছেন যারা দেশ গঠনে দিনরাত কাজ করে যাচ্ছেন। নিশ্চয় আপনি তরুণ মন্ত্রীদের উৎকৃষ্ট উদাহরণ না। নিকৃষ্ট ও কুৎসিততম উদাহরণ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *