সমালোচকদের ধুয়ে দিলেন প্রতিমন্ত্রী ডা.মুরাদ

নজর২৪ ডেস্ক- নারীর প্রতি ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার বিরুদ্ধে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগও উঠেছে।

 

প্রতিমন্ত্রীর এসব মন্তব্যকে ‘কুরুচিপূর্ণ’, ‘অশালীন’ ও ‘মর্যাদাহানিকর’ বলে নিন্দা জানিয়েছেন নারী অধিকারকর্মীরা। তবে এসব সমালোচনা পাত্তা দিচ্ছেন না প্রতিমন্ত্রী মুরাদ। আলোচিত ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইন থেকে সরিয়ে নিলেও মুরাদ হাসান বলছেন, তিনি আগের অবস্থানেই আছেন।

 

গত ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে এক ফেসবুক লাইভে যুক্ত হন মুরাদ হাসান। লাইভটির সঞ্চালক ছিলেন নাহিদ রেইনস নামে এক ইউটিউবার ও ফেসবুকার।

 

লাইভে বিএনপির রাজনীতি সমালোচনার এক পর্যায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ও পরিবার নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রীর এসব বক্তব্য ‘প্রচণ্ড আপত্তিকর’ উল্লেখ করে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচিত লাইভটি শনিবার রাত পর্যন্ত প্রতিমন্ত্রীর ভেরিফায়েড পেজের টাইমলাইনে দেখা গেলেও সোমবার আর দেখা যাচ্ছে না। তবে টাইমলাইন থেকে সরিয়ে নিলেও প্রতিমন্ত্রীর ফেসবুক পেজের ভিডিও অংশে এটি দেখা গেছে।

 

বিষয়টি নিয়ে রোববার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অবস্থান জানতে চাইলে তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু আমি রাজনীতি করি, তাই আমি রাজনৈতিক কর্মী। সবকিছু সবাই ভালোভাবে নেবে, এ রকম তো কথা নেই। সমালোচনা করতেই পারে।’

 

সমালোচকদের অবশ্য বিরোধীপক্ষের সারিতে ফেলছেন মুরাদ হাসান। তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা আমাদের শত্রুপক্ষ বা বিরোধীপক্ষ বা বিরোধী দল বা ’৭১-এর স্বাধীনতাবিরোধী অপশক্তি। এরা তো সমালোচনা করবেই। এগুলো দেখার সময় আসলে আমার নেই।’

 

নারীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘নারীর প্রতি অবমাননা বুঝলাম না! কোন নারীর প্রতি?’

 

নিজের কথায় কোনো নারীর প্রতি অবমাননা হয়নি দাবি করে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমার মা আছে। আমি একজন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। আমার বোন আছে, স্ত্রী আছে, আমার সন্তান আছে, কন্যা আছে। আমি কাউকে অবমাননা করে কোনো কথা বলার মানসিকতা পোষণ করি না।

 

‘এটা সমালোচকদের, নিন্দুকদের… ওই যে বলে ‘‘পাছে লোকে কিছু বলে” ওই রকম হইছে আরকি। এসব নিয়ে মাথা ব্যথা দেখানোর মতো সময় আমার নেই।’

 

‘মক্ষীরানি’র মতো শব্দ ব্যবহারের যৌক্তিকতা জানতে চাইলে সরাসরি জবাব দেননি মুরাদ হাসান। তিনি বলেন, ‘জিয়াউর রহমান সাহেব কোথায় জন্মগ্রহণ করেছেন, বেগম জিয়া কোথায় জন্মগ্রহণ করেছেন, তারা কেউ কিন্তু বাংলার মাটিতে জন্মগ্রহণ করেননি। তাদের পরিবারের ইতিহাস আসলে খুব পজিটিভ না। এগুলো পজিটিভ কোনো বিষয় না।

 

‘এগুলো সবাই আমরা জানি। বাংলাদেশে কেউ জন্ম নেয়নি এরা। বাংলাদেশকে কেউ ধারণ করেন না। বাংলাদেশকে লালন করেন না। বাংলাদেশকে বহন করেন না। বাংলার মানুষকেও তারা ভালোবাসেন না। যার ফলে তারা হ ত্যার রাজনীতি করেছেন। ক্যু-এর রাজনীতি করেছেন। জিয়াউর রহমান হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা সৈনিককে হ ত্যা করেছেন। এসব তো আপনারা জানেন সবই। খালেদা জিয়াও তার পদাঙ্ক অনুসরণ করে তাই করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *