মাছ চাষে বেশি আয় হলে কর দিতে হবে সরকারকে!

নজর২৪ ডেস্ক- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নতুন প্রস্তাব অনুমোদন হলে, মাছ চাষ থেকে আয় ৩০ লাখ টাকার বেশি দেখালে বাড়তি কর দিতে হবে।

 

এই খাতের উচ্চ আয়কারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আগামী ২০২১-২২ অর্থবছর থেকে ১৫ শতাংশ হারে কর আরোপের কথা বলা হয়েছে বাজেটের আয়কর বিষয়ক প্রস্তাবে।

 

বৃহস্পতিবার (০৩ জুন) বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী এই খাতের আয় করে নতুন একটি স্তর যুক্ত করার পাশাপাশি করহার যৌক্তিক করার ঘোষণা দেন।

 

তিনি বলেন, “আমরা মাছেভাতে বাঙালী। আর তাই মৎস্য চাষকে উৎসাহিত করার জন্য দীর্ঘদিন থেকে মৎস্য আয়ের উপর হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগ রাখা হয়েছে। “এ সুযোগ অব্যাহত রেখে শুধুমাত্র একটি নির্দিষ্ট আয়সীমার পর করারোপনের একটি ধাপবৃদ্ধি এবং করহারের যৌক্তিকীকরণের প্রস্তাব করছি।“

 

দেখা গেছে, মৎস্যচাষী না হয়েও সমাজের প্রতিষ্ঠিত অনেকে নিজের আয়ের পুরো বা বড় অংশ মাছ চাষ থেকে এসেছে বলে আয়কর রিটার্নে উল্লেখ করেন। এ কারণে অতিরিক্ত কর ধার্যের প্রস্তাব করা হয়েছে।

 

বর্তমানে মাছ থেকে বছরে ২০ লাখ টাকার ওপর আয়ের পুরোটার ওপর কর ১০ শতাংশ কর দিতে হয়। অর্থমন্ত্রীর নতুন প্রস্তাব হলো- মোট আয়ের পরিমাণ ৩০ লাখ টাকার বেশি হলে অতিরিক্ত আয়ের ওপর ১০ শতাংশের স্থলে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। তবে মোট আয় ৩০ লাখ টাকার মধ্যে থাকলে করহার অপরিবর্তিতই থাকবে।

 

মাছ চাষে আয়ের ভিত্তিতে বর্তমানে তিনটি ধাপে কর হিসাব করা হয়। অর্থমন্ত্রী তা বাড়িয়ে চারটি করার প্রস্তাব করেছেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম দুইটি ধাপ একই থাকছে। অর্থাৎ বছরে এ খাত থেকে মোট আয়ের প্রথম ১০ লাখ টাকা করমুক্তই থাকছে। পরবর্তী ১০ লাখ টাকার আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হবে। আয়ের পরিমাণ ২০ লাখের বেশি হলে ১০ শতাংশ কর দিতে হবে। আয় ৩০ লাখ টাকার বেশি হলে কর দিতে ১৫ শতাংশ হারে।

 

এ বিষয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মাছ চাষকে উৎসাহিত করার জন্য দীর্ঘদিন এ খাতের আয়ের ওপর কম হারে কর প্রদানের সুযোগ রাখা হয়েছিল। এ সুযোগ আগামীতে অব্যাহত থাকবে। তবে একটি নির্দিষ্ট আয়সীমার ওপর করারোপের একটি ধাপ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *